চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে ঘোড়দৌড়কে কেন্দ্র করে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পালাতে গিয়ে নজরুল ইসলাম (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
নিহত নজরুল ইসলাম ধাইনগর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ ও একই গ্রামের জুলহাস আলীর ছেলে।
সংঘর্ষ চলার সময় নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ককটেলের আঘাতে তিনি গুরুতর আহত হলে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিবগঞ্জের ইসরাইল মোড় এলাকায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
ধাইনগর ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির জানান, ওই এলাকায় প্রতিবছরের মত এবারো বুধবার বিকালে নাককাটিতলা মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই ঘোড়দৌড়কে কেন্দ্র করে বুধবার রাত থেকে নাককাটিতলা পীরগাছী গ্রামে আওয়ামী লীগের দু'গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দু’গ্রুপের মধ্যে আবারো সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের পাঁচজন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম একজন নিহতের কথা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
কেএইচ





