গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচন আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মনে জল্পনা-কল্পনার শেষ নেই।
পছন্দের প্রার্থীকে বেছে নিতে আকাঙ্খার শেষ নেই তাদের। তবে, ভোটারদের মন জয় করতে ব্যস্ত প্রার্থীরা। ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিনিয়তই গণসংযোগ করছেন।
অন্যদিকে, আ.লীগ প্রার্থী আফরুজা বারীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিয়েছেন কেন্দ্রীয় কমিটির নেতারা।
কেন্দ্রীয় নেতাদের পদচারণা ও প্রচার-প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে নির্বাচনী এলাকায়। একারণে আরও সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। কেন্দ্রীয় নেতাদের টিম আগামী দুই দিন নির্বাচনী এলাকায় গণসংযোগ করবেন।
শনিবার দুপুরে আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে একটি টিম গাইবান্ধার সুন্দরগঞ্জে এসে পৌঁছান। প্রথমে কেন্দ্রীয় নেতারা প্রয়াত এমপি মঞ্জরুল ইসলাম লিটনের সাহাবাজ (মাস্টারপাড়া) গ্রামের নিজ বাড়ি উঠানে কবর জিয়ারতের মধ্যে দিয়ে প্রচার-প্রচারণা শুরু করেন।
এদিকে, নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে নতুন আমেজ সৃষ্টি হয়েছে। ভোটাররা মনে করছেন আ’লীগ ও জাপার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু কে হবেন আগামী দিনের সাংসদ সেই ভাবনা ভোটারদের মধ্যে বিরাজ করছে। এক দিকে রয়েছেন প্রয়াত সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের বোন ও শিল্পপতি আফরুজা বারী।
যিনি আ’লীগের নৌকা প্রতিকে প্রতিদ্বন্দিতা করছেন। অন্যদিকে রয়েছেন জাতীয় পার্টির চেযারম্যানের উপদেষ্টা ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে প্রতিদ্বন্দিতা করছেন। এ ছাড়াও ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি)’র জিয়া জামান খাঁন আম প্রতিক নিয়ে লড়ছেন।
গনফ্রন্ট নেতা শরিফুল ইসলাম লড়ছেন মাছ প্রতিক নিয়ে এ আসনে। তবে, এনপিপি ও গণফ্রন্টের দুই প্রার্থীর কাউকে মাঠে দেখা যায়নি। গণসংযোগ ও মতবিনিময় করতেও দেখা যায়নি তাদের।
এ আসনে আ’লীগের গত দুইবার সাংসদ নির্বাচিত হয়। তাই আসনটি ধরে রাখতে চায় আ’লীগের আফরুজা বারী। প্রয়াত দুই সাংসদের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করায় তার মুল লক্ষ্য।
এ বিষয়ে আ’লীগের নৌকা প্রার্থী আফরুজা বারী বলেন, সুন্দরগঞ্জ আসন থেকে নির্বাচিত হয়ে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন তিনি।
আর জাতীয় পার্টির দূর্গ উদ্বার করতে মরিয়া লাঙ্গল প্রার্থী ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি চান এ আসনটি পূণ:উদ্বার করে এরশাদকে উপহার দিতে।
উল্লেখ্য, আগামী ১৩ই মার্চ এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে আ’লীগ, জার্পা, এনপিপি, গণফ্রন্ট ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। এ আসনে মোট ভোটার রয়েছে, ৩ লাখ ৩৮ হাজার ৮’শ ৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৪ হাজার ৯’শ ৩৪ জন ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৬’শ ২০ জন।
মামুন/এএস





