রোববার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বছিলার মেট্রো হাউজিংয়ে অভিযান শুরু করে র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়েই বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
এরপর ভোর পাঁচটার দিকে বড় বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান।
সকাল সোয়া ৭টার দিকে জঙ্গি আস্তানার সামনে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিস্ফোরণের আগে হ্যান্ডমাইকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। তবে ভেতরে ঠিক কতজন জঙ্গি রয়েছে-তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, একাধিক জঙ্গি রয়েছে।’
র্যাবের বোম ডিসপোজাল ইউনিট আসার পর অভিযান শুরু হবে জানিয়ে র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘টিনশেড একটি বাড়িতে জঙ্গিদের আস্তানা। পাশে মসজিদ। তবে নিরাপত্তার স্বার্থে আশপাশে অবস্থিত ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।’
ওই জঙ্গি আস্তানার ভেতর থেকে গোলগুলির শব্দও পাওয়া গেছে। আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ভেতর থেকে গুলি ছোড়া হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, সোমবার ভোরে বছিলার মেট্রো হাউজিংয়ের একটি বাড়ি জঙ্গি আস্তানার সন্দেহে ঘিরে ফেলে র্যাব। এর কিছুক্ষণ পর ওই বাড়িটির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। নিরাপদ দূরত্বে থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে, সকালে যেকোনো সময় অভিযান চালানো হবে।
জেড





