গাইবান্ধার সাদুল্যাপুরে সুনিল চন্দ্র (৪০) নামের এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে ১১টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের শালাইপুর গুচ্ছগ্রাম এলাকা থেকে সুনিল চন্দ্রের লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে ওই ইউনিয়নের শালাইপুর (মাঝিপাড়া) গ্রামের সুশিল চন্দ্রের ছেলে ও মাছ ব্যবসায়ী সুনিল চন্দ্রের লাশ মাঝিপাড়াস্থ ঘাঘট নদীর দক্ষিণ পার্শ্বের একটি ধান ক্ষেতে দেখতে পাওয়া যায়।
পরে থানা পুলিশ খবর পেয়ে সকাল ১১টার দিকে সুনিল চন্দ্রের লাশ উদ্ধার করেন। সুনিল চন্দ্র হত্যা না আত্মহত্যা করেছে এ নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে ।
বনগ্রাম ইউপি চেয়ারম্যান শাহীন সরকার এঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুনিলের মৃত্যুর কোন রহস্য জানা যায়নি।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, খবর পেয়ে সুনিল চন্দ্রের লাশ উদ্ধার করা হয়েছে। সুনিলকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
রুবেল/নাজিব





