বগুড়ায় তৈরি করা বিড়ির প্যাকেটের গায়ে ৫০ শতাংশ জুড়ে স্বাস্থ্য সতর্কবাণী না থাকার অভিযোগ স্বীকার করায় বগুড়া শহরের কার্টনারপাড়া এলাকার শরিফ বিড়ি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি এ জরিমানা করেন।

বগুড়া সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য অফিসার মো: আমিরুল ইসলাম ও জেলা প্রশাসনের পেশকার আব্দুল জলিল জানান, গোপন ও নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে ওই বিড়ি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। উপস্থিত প্রতিষ্ঠানটির কর্মকর্তারা অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) ও (সংশোধন) আইন- ২০১৩’ এর একটি ধারায় এ জরিমানা করেন।

অভিযান পরিচালনাকালে স্বাস্থ্য অফিসার মো: আমিরুল ইসলাম ও পেশকার আব্দুল জলিল, বগুড়া পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর শাহ আলী, পল্লী উন্নয়ন প্রকল্প বগুড়ার প্রোগ্রাম অফিসার মো: মাশরুকুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কেএইচ