লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগের পদ বঞ্চিতরা। এতে কার্যালয়ের চেয়ার টেবিল, আলমারী, বই, খাতা পুড়ে গেছে।

রোববার দুপুর আড়াইটার দিকে শহরের মাদায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের এ ঘটনা ঘটায়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্র থেকে। এতে কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য চৌধুরী মাহামুদুন নবী সোহেলকে সভাপতি ও রাকিব হোসেন লোটাসকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। তবে জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম সাধারণ সম্পাদক পদ না পেয়ে দুপুরে তার সহযোগীদের নিয়ে শহরে বিক্ষোভ করে। এসময় নতুন কমিটি বাতিলের দাবি জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় পদ বঞ্চিতরা শহরের বাগবাড়ী ও মাদাম এলাকায় জেলা আওয়ামী লীগ নেতাদের পোস্টার ও ফেস্টুন ভাঙচুর করে। পরে বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা শহরের মাদায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ঢুকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করে।

আগুনে পুড়ে গেছে দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল, আলমারী, বই, খাতাসহ অন্যান্য মালামাল। খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সালেহ আহমদ বাংলামেইলকে জানান, আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে ২ ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি চৌধুরী মাহামুদুন নবী সহেল জানান, সব কিছু যাচাই বাছাই করে কেন্দ্রিয় কমিটি আমাকে সভাপতি নির্বাচিত করেছে। এতে কোনো ধরনের অনিয়ম হয়নি।

জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন বাংলামেইলকে জানান, ছাত্রলীগের পদবঞ্চিতরা দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করেছে। বিষয়টি দলীয় ভাবে বসে মিমাংসা করা হবে।

অভিযোগের ব্যাপারে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।

জেআই