ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রমের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন মেয়র সাঈদ খোকন। রাস্তাঘাট, নর্দমা ও ফুটপাতের উন্নয়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই অর্থ ব্যয় করবে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় 'ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন পাঁচটি অঞ্চলের ক্ষতিগ্রস্ত সিসি সড়ক, নর্দমা ও ফুটপাত উন্নয়ন' শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

স্থায়ীয় সরকার বিভাগের আওতায় এই অর্থ বরাদ্দ দেওয়া হবে। এর মধ্যে সরকারের সরকারি নিজস্ব তহবিল থাকছে ১৭৫ কোটি টাক, যা মোট ব্যয়ের ৭০ শতাংশ।

আর সংস্থার নিজস্ব তহবিল থাকছে ৭৫ কোটি টাকা বা ৩০ শতাংশ। প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে চলতি বছরের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত।

প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্প এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তা, নর্দমা ও ফুটপাত উন্নয়নের মাধ্যমে নাগরিক সুবিধা বৃদ্ধি, যানজট হ্রাস, নিরাপদে যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধা সৃষ্টি হবে।

এলাকার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ, পরিবেশগত ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা সম্ভব হবে।

এই প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রমগুলো হচ্ছে, ১৬৯ কিলোমিটার রাস্তা উন্নয়ন, ১৮৭ দশমিক ৬৩ কিলোমিটার নর্দমা নির্মাণ ও ২৫ দশমিক ১৯ কিলোমিটার ফুটপাত উন্নয়ন।

২০১১ সালে ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে বিভক্ত করে দক্ষিণ ও উত্তর নামে দুটি আলাদা সিটি করপোরেশন গঠন করা হয়।

বর্তমানে দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ৫৭টি ওয়ার্ড রয়েছে। এর আওতায় ৯৫৫ কিলোমিটার রাস্তা, ৪৫৯ কিলোমিটার খোলা নর্দমা, ৪৬৬ কিলোমিটার পাইপ নর্দমা এবং ২১৭ কিলোমিটার ফুটপাত রয়েছে।

এমকে