কুমিল্লা লাকসামে কাভার্ডভ্যান চাপায় মো. মাজেদুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক আরোহী।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের বৈশকপালিয়ায় এ দুর্ঘটনা ঘটে। মো. মাজেদুল ইসলাম ও আরোহী মাসুদ রানা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাজেদুল ইসলাম ও মাসুদ রানা মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের উপজেলার বৈশকপালিয়ায় পৌঁছালে নোয়াখালীগামী এসএ পরিবহনের একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মাজেদুল ইসলাম নিহত ও আরোহী মাসুদ রানা আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা সেন্টারে ভর্তি করেন।
লাকসাম থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী দুর্ঘটনায় নিহত ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





