সিয়াম সাধনার মাস পবিত্র রমজান আজ সোমবার থেকে শুরু হচ্ছে। ২৫ জুলাই রাতে পবিত্র লায়লাতুল কদর পালিত হবে। ঢাকা জেলায় পহেলা রমজানের সেহরীর শেষ সময় রাত ৩টা ৪২ মিনিটে এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানায়, আশপাশের জেলায় স্থানীয় সময় অনুযায়ী সেহরী ও ইফতার অনুষ্ঠিত হবে।
পবিত্র রমজান মাস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া প্রশাসন পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল রোববার রাত খেকে দেশের সব মসজিদে খতমে তারাবীহ ও সুরা তারাবীহ নামাজ আদায় করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও রমজানের বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। সংবাদপত্রগুলো পবিত্র রমজানের তাত্পর্য তুলে ধরে বিশেষ নিবন্ধ প্রকাশ করছে।
রাষ্ট্রপতির শুভেচ্ছা : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মাস। অশেষ রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহর নৈকট্যলাভ, শান্তি এবং ক্ষমালাভের অপূর্ব সুযোগ এনে দেয়। তিনি গতকাল রোববার পবিত্র রমজান মাস উপলক্ষে দেয়া এক বাণীতে একথা বলেন। রাষ্ট্রপতি পবিত্র রমজান মাস উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
আবদুল হামিদ বলেন, সমগ্র মুসলিম উম্মাহ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রমজান মাস পালন করে থাকে। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সমপ্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে থাকে। তিনি আশা প্রকাশ করেন সবাই রমজানের পবিত্রতা ও তাত্পর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটাবেন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখবেন। রমজানের মহান শিক্ষা সমাজের সকলস্তরে প্রতিফলিত হোক-তিনি এই কামনা করেন।
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সমপ্রীতি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রোববার পবিত্র রমজান উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানান।
শেখ হাসিনা তার বাণীতে বলেন, আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমা লাভের মাস রমজান। তিনি বলেন, এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়। প্রধানমন্ত্রী বলেন, আসুন, আমরা সকল প্রকার অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। তিনি বলেন, মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন।
ঢাকা, ৩০ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





