ময়মনসিংহের ভালুকায় এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হারুন অর রশিদ (৪২) নামে ওই ব্যক্তি পেশায় মনোহারী ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ছামনা খাতুন ও ছেলে সামাদকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার আঙ্গারগাড়া গ্রামে হারুনের শ্বশুরবাড়ির পাশের একটি গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হারুন সখীপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে। আব্দুস সামাদ (১৬) ও হাসি (১১) নামে তার দুই সন্তান রয়েছে।
জানা যায়, বাড়ির পাশে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
হারুনের সঙ্গে ১৭ বছর আগে আঙ্গারগাড়া গ্রামের শামছুল হকের মেয়ে ছামনা খাতুনের (৩৪) বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতে থেকেই স্থানীয় বাজারে ব্যবসা করে আসছিলেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, এটি আত্মহত্যা কিনা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে।
এমকে





