কয়েক দিনের টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, সূবর্ণচর ও বেগমগঞ্জের উপকূলীয় এলাকা ও সেনবাগ উপজেলার নিন্মাঞ্চলসহ ১০টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত একদিকে টানা বর্ষণ। অন্যদিকে জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় এসব অঞ্চলের বাসিন্দারা চরম দুভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। পাশাপশি অতিরিক্ত পানি জমে ধানের জমি, মাছের খামার, পুকুর, আমন ধানের চারাসহ বিভিন্ন ফসলি জমি তলিয়ে গেছে।

পানিবন্দি এলাকাগুলো হলো- কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকচ্ছপিয়া, দিয়ারা বালুয়া, গুচ্ছগ্রাম, মুছাপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রাম, চরহাজারী ইউনিয়নের মাছুয়াদোনা গ্রাম, চরপার্বতী ইউনিয়নের কদমতলা গ্রাম, চরএলাহী ইউনিয়নের চরন্যাংটা গ্রাম।

সূবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা, পশ্চিম চরবাটা গ্রাম, পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর, দক্ষিণ চরমজিদ, চরনঙ্গলীয়া গ্রাম, চরআমান উল¬া ইউনিয়নের চরআমান উল¬া গ্রাম, নয়াপাড়া, সাতাইশ দ্রোন গ্রাম, চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক, কেরামতপুর, পশ্চিম উরিরচর, চরবায়েজিদ গ্রাম ও মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমান, উরিরচর, চরমোজ্জাম্মেল, চরলক্ষী ও চরখোন্দকার গ্রাম।

বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়র, শরীফপুর ইউনিয়ন ও কাদিরপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম।
সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিসিংহপুর বিষ্ণুপুর, গোবিন্দপুর ছাতারপাইয়া ইউনিয়নের বসন্তপুর, বিরাহিমপুর,পঁচতুপা, মাতাববুর, চিলাদি, সোনাকান্দি, কেশারপাড় ইউনিয়নের আটিয়াবাড়ী, খাজুরিয়া, কলাবাড়িয়া, কালারাইতা।

বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ক্ষতিগ্রস্তরা জানান, পানিবন্দি মানুষ গত কয়েকদিন ধরে দুর্বিসহ জীবন-যাপন করছে। টানা বর্ষণ ও পানিবন্দির কারণে স্বাভাবিক চলাচলে চরম অসুবিধার মধ্যে রয়েছেন তারা। নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে।

হাট-বাজারের যেতে না পারায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ ও খাদ্য সংকটও দেখা দিয়েছে। শিশুরা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এমতাবস্থায় অতি দ্রুত পানি নিষ্কাশনের জন্য এসব অঞ্চলের মানুষ প্রশাসনের কাছে জোর দাবির পাশাপাশি ত্রাণ সামগ্রী দেওয়ার কথা জানান।

জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস জানান, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনের জন্য বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঠিক পরিসংখ্যান নিয়ে তালিকা করা হচ্ছে। এরপর পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই