আগামী এপ্রিল মাসের মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত হকারমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদশ ইউনিভার্সিটির (বিইউ) আরবান ল্যাব মিলনায়তনে এক গবেষণা ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘রাজধানীতে গুরুত্বপূর্ণ যত সড়ক আছে সবগুলোর ফুটপাত হকারমুক্ত করা হবে। আর যদি পরিকল্পনা অনুযায়ী রাখতে হয় তবে তা সুবিন্যস্তভাবে রাখা হবে।’
আনিসুল হক বলেন, ‘ঢাকা শহরে সমস্ত বাস ও ট্রাকের জন্য টার্মিনাল করতে জায়গা খোঁজা হচ্ছে। ঢাকাকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য তিন হাজার বাস নামানোর পরিকল্পনা রয়েছে। এরমধ্যে এক হাজার এসি বাস থাকবে।
এ ছাড়া ১৯০টি বাস কোম্পানির মালিকদের সমন্বয়ে পাঁচটি কোম্পানি করা হচ্ছে। যেটা অসম্ভব হলেও অনেকটা সম্ভব হয়েছে। রঙের দিক থেকেও মিল থাকবে। রাস্তায় শৃঙ্খলভাবে চলবে।’
ঢাকায় অবস্থিত খালগুলোর জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এগুলো নিয়ে সমস্যা আছে। এগুলোর মালিক ডিসি আর খনন করে ওয়াসা। সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না।
তাই ঢাকার উন্নয়নের জন্য ওয়াসা আর রাজউকের কিছু কাজ সিটি করপোরেশনের অধীনে আনা উচিত। তাহলে আগামী দুই বছরের মধ্যে অনেক সমস্যার সমাধান সম্ভব বলে মনে করি।’
তিনি আরো বলেন, ‘এখানে সেখানে যাতে পোস্টার লাগানো না হয় সেজন্য যাত্রী ছাউনির পাশে পোস্টার লাগানোর জন্য বোর্ড করে দেওয়া হবে।
বিলবোর্ড অপসারণ চলছে। বিলবোর্ডও কমিয়ে আনা হবে। এক্ষেত্রেও পরিকল্পিতভাবে অল্প বিলবোর্ড বসানোর সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ সময় বিইউ আরবান ল্যাবের মাধ্যমে ঢাকা শহরে যানজটমুক্ত, পরিবেশবান্ধব দুষণমুক্ত, কাঙ্ক্ষিত ও স্বপ্নের ঢাকা মহানগর গড়ে তোলার লক্ষ্যে তিনটি বিষয়ের উপর পরিচালিত গবেষণা ফলাফল তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন এলজিআরডি প্রতিমন্ত্রী ও ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
সভাপতিত্ব করেন বিইউর বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান ও মাইক্রোসফটের সিনিয়র আর্কিটেক্ট কাজী জামিল আজহার। গবেষণা ফলাফল উপস্থাপন করেন বিইউর বোর্ড অব ট্রাস্টি সদস্য পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব।
অনুষ্ঠানে বিইউর ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসানসহ সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমকে





