মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতুকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে রনি নামের এক ব্যক্তি।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে পৌরসভা কার্যালয়ে পাঠানো একটি পার্সেল থেকে এ হুমকি বার্তাটি আসে।
পৌর মেয়র অফিসে গিয়ে পার্সেলটি খুলে তার মধ্যে কাফনের কাপড় ও তাকে হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিঠি দেখে পুলিশে খবর দেন।
পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু জানান, দুপুর ১২টার দিকে পৌরসভায় তার নিজস্ব কার্যালয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে পিয়ন এসে একটি পার্সেল প্যাকেট দিয়ে যায়।
প্যাকেটটি তিনি খুলে তার মধ্যে একটি সাদা কাফন ও তাকে প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিঠি দেখতে পান। চিঠিটি ঢাকার ধানমন্ডি ঝিগাতলা থেকে রনি নামের এক ব্যক্তি পাঠিয়েছেন।
ঈদের দিন ঈদগাহ ময়দানে তাকে হত্যার হুমকি ও ঈদগাহেই তার জানাযা করা হবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।
এ ঘটনার পর নিজের নিরাপত্তা চেয়ে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।
মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের জের ধরে কেউ কাজটি করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে বিষয়টি গুরত্ব দিয়ে তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করা হবে বলে জানান তিনি।
চিরকুটটি হুবহু তুলে ধরা হলো
“মতু তোমায় সালাম/হে মেহেরপুরের মেয়র আগামী রোজার ঈদ তোমার জীবনের শেষ ঈদ। ঐদিন ঈদগাতেই তোমাকে মেরে ফেলা হবে। আর ঐ দিনই তোমার জানাজা হবে ঐ মাঠে। উপরে গিয়ে মেয়র গিরি করবা। কোন নিরাপত্তা পুলিশ দিতে পারবে না। সেই ব্যবস্থা আমরা করব। এমপিকে টাকা দিয়েছো তা তোমার কোন কাজে লাগবে না। তোমার কাউন্সিলররাও আমাদের সাথে জড়িত। তুমি কোথায় যাবা, কাফন পাঠিয়ে দিলাম। সালাম হে মেয়র তোমায়। আমাদের কার্যক্রম প্রায় শেষ তোমার লোকজনই তোমাকে ঈদ গায়ে মারবে। শেষ ইবাদত করে নাও এসপি পুলিশ তোমার নিরাপত্তা দিতে পারবে না। তুমি বাড়িতেও পুলিশ বসাও। তো কি হবে। মৃত্যু তোমার আসবে। তো দেখতে থাকো। সাংবাদিক সম্মেলন করে বদনাম দাও। তো অপেক্ষায় তুমি থাকো। আমরাও থাকি। দেখা হবে ঐ দিন। ঈদগায়ে।’’
ওএফ





