কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে পুলিশ সদস্যরা যখন ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহের কার্যক্রম চালাচ্ছেন, তখন এর আনুমানিক দেড়শ' গজ দূরে পেট্রো সেন্টারের সামনের সড়ক দখল করে চারটি ভাঙাচোড়া মাইক্রোবাস যাত্রীর জন্য অপেক্ষা করছিল।

গতকাল শনিবার সকাল সোয়া ১১টায় সরেজমিনে এমন দৃশ্য দেখা গেল।

গতকাল ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ কার্যক্রম শেষ হলেও আবার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার নামানো হচ্ছে পুলিশের বিশেষ টিম। এই টিমের নাম দেওয়া হয়েছে স্পেশাল টাস্কফোর্স। টাস্কফোর্সের সদস্যরা মাসব্যাপী ট্র্রাফিক শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।

আজ রোববার থেকে বিশেষ এই টিম নামছে রাজধানীতে।

ডিএমপি সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত চিঠি ট্রাফিকের সকল বিভাগে পাঠানো হয়েছে। ডিএমপির চারটি বিভাগে স্পেশাল টাস্কফোর্সের চারটি টিম।

একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে প্রতি টিমে সদস্য থাকবেন ১০ জন। নির্দিষ্ট বিভাগে এই টিম কার্যক্রম চালাবে।

পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি (পশ্চিম) লিটন কুমার দাস মাসব্যাপী স্পেশাল টাস্কফোর্স নামানোর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মাসব্যাপী টাস্কফোর্সের সদস্যরা ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। এরই মধ্যে ডিএমপি সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত চিঠি ট্রাফিকের সব বিভাগে পাঠানো হয়েছে।

এদিকে ডিএমপি কমিশনার বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে রোববার থেকে ঢাকা মহানগরের প্রতিটি পরিবহন ইন্টারসেকশন রুটে পুলিশের বিশেষ টিম নামানো হবে।

বিশেষ এই টিম রাস্তায় গাড়ির পাল্লাপাল্লি রোধ, যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা ও কৃত্রিম যানজট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এএস