রাজশাহীতে প্রথম করোনাভাইরাসের টিকা নেবেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও ওয়ার্কাস পার্টির সভাপতি ফজলে হোসেন বাদশা।

রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে তিনি প্রথম টিকা নেবেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো: কাইয়ুম তালুকদার।

রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, “সংসদ সদস্য হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবেই তিনি নিবন্ধন করেছেন। টিকা নেওয়ার জন্য তার বর্তমান শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য উল্লেখ করে অনলাইনে নিবন্ধন করেছিলেন।”

তিনি আরও জানান, “রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী তাকে টিকা নেয়ার আমন্ত্রণ জানান। তাই রোববার সকালে তিনি রাজশাহীর প্রথম ব্যক্তি হিসেবে করোনা টিকা নেবেন।”

আনুষ্ঠানিক উদ্বোধনের পর রাজশাহী জেলা প্রশাসক মো: আব্দুল জলিল, রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন করোনার টিকা নেবেন। একইদিন রাজশাহী সিটি করপোরেশন ও জেলার নয় উপজেলাতে একযোগে করোনা টিকা দেওয়া কর্মসূচি শুরু হবে।

এমবি