চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আশঁতলাপাড়া গ্রামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম সাবেরা খাতুন (২৬)বলে জানা যায়।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাড়ির অদূরে জীবননগর-কালিগঞ্জ সড়কের পাশ থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ সাবেরা খাতুন ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

নজরুল ইসলামের পক্ষ থেকে দাবি করা হয় সাবেরা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তবে নিহত সাবেরার বাবা সিরাজুল ইসলাম সরদারের দাবি তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালানোর অপচেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ভোরে বাড়ির পাশে জীবননগর-কালিগঞ্জ সড়কের পাশ থেকে সাবেরার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

এসময় নজরুল ইসলামের এক ভাই জানান, ভোরে ঢাকা থেকে জীবন নগরগামী একটি নৈশকোচের সঙ্গে দুর্ঘটনায় সাবেরা নিহত হয়েছে। একই ঘটনায় নজরুল ইসলামও আহত হয়েছে। তাকে যশোর আড়াইশ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে, নিহত সাবেরা খাতুনের বাবা সিরাজুল ইসলাম সরদার অভিযোগ করে বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরো বলেন, শেষরাত ৩টার সময় মানুষ ঘুমিয়ে থাকে। সেসময় আমার মেয়ে কি কারণে প্রধান সড়কে যাবে।

নিহতের ভাই হাতেম আলী বলেন, বছর ১০ আগে নজরুলের সঙ্গে আমার বোনের বিয়ে হয়। এর আগে তার ঘরে প্রথম পক্ষের স্ত্রী রয়েছে। সম্প্রতি এক লাখ টাকা যৌতুক দাবি করে নজরুল ও তার পরিবারের লোকজন সাবেরার ওপর অমানুষিক নির্যাতন শুরু করে। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে সাবেরা গত সপ্তাহে স্বামীর বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে আসে।

কিন্তু মঙ্গলবার বিকেলে নজরুল আর নির্যাতন করবে না মর্মে প্রতিশ্রুতি দিয়ে সাবেরাকে নিয়ে যায়। এরপর তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে চালানোর অপচেষ্টা করছে।

জীবননগর থানার ওসি এস এম ইকবাল আহম্মেদ জানান, প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি।

ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ