নদীতে ডুবে যাওয়ার পরও বুকের উপর রেখে শিশু সন্তানকে বাঁচিয়েছেন মা। তানজিলা (৩০) নামের ঐ মায়ের মৃত্যু হয়েছে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মায়।

দৌলতুপুরের পদ্মার মোহনায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। মৃত তানজিলা পদ্মার চর এলাকা লালপুরের প্রবাসী জামিল হোসেনের স্ত্রী।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো. ফরিদ আহাম্মেদ বলেন, ‘সন্ধ্যায় পদ্মার মোহনার তীরে একটি নৌকার যাত্রীরা দেখতে পান একটি শিশু পানিতে ভাসছে। উদ্ধার করতে গিয়ে দেখেন একজন নারীর শরীরের উপর শিশুটি রয়েছে। শিশুটি জীবিত, মা মৃত।’

নৌকায় আরো ৫-৬ জন পুরুষ যাত্রী ছিল বলে স্থানীয়রা জানান। নদীতে কেউ আটকা পড়ে আছে কিনা খতিয়ে দেখতে রাত ৯টার দিকে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল পদ্মায় অভিযান শুরু করেছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের ফায়ার হাউস ইন্সেপেক্টর মজাহারুল ইসলাম বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের কাছে শুনেছি তানজিলা ও তার তিন বছর বয়সী শিশুপুত্র দাওয়াত খেয়ে লালপুর ফিরছিল। ফেরার পথে নৌকার তলা ফেটে নৌকা ডুবে যায়। এ ঘটনায় আর কেউ নিখোঁজ আছে কি-না আমরা খোঁজ নিচ্ছি।’

ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ বলেন, ‘বাচ্চাটি সুস্থ রয়েছে। লাশ আবেদের ঘাট এলাকায় রাখা হয়েছে।’

এদিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিকুর রহমান বলেন, ‘ভেড়ামারা ফায়ার সার্ভিস কর্মীরা নদীতে রয়েছেন। আমরা সকল দিক যাচাই করছি।’

এম এ