নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রায়পুরা উপজেলার চরমধুয়া এলাকায় মেঘনায় মরদেহগুলো ভেসে ওঠে।

নিহতরা হলেন- পশু ব্যবসায়ী রায়পুরার আব্দুল্লাহপুর গ্রামের আ: হাকিম, ফরিদ মিয়া, বাহেরচর গ্রামের আনোয়ার হোসেন ও মেহেরনগর গ্রামের খলিল মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রায়পুরার চরমধুয়া এলাকায় মেঘনা নদীতে চারটি মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। পরে নিহত ৪ ব্যবসায়ীর স্বজনরা মরদেহগুলো শনাক্ত করে নিয়ে যায়।

এদিকে লাশ দাফনের জন্য জেলা প্রশাসন প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা, ২০ কেজি চাল ও উপজেলা প্রশাসন ৫ হাজার করে টাকা বিতরণ করেছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় ব্রা‏হ্মণবাড়ীয়ার নবীনগরের বাইশমৌজা পশুর হাট থেকে রায়পুরার চরসুবুদ্ধিতে ফেরার পথে ভেলুয়ার চর গ্রাম সংলগ্ন স্থানে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় পশুবাহী ইঞ্জিনচালিত নৌকাটি।

এ সময় কয়েকজন ব্যবসায়ী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও ৪ জন পশু ব্যবসায়ী নিখোঁজ হন।পরে নিখোঁজদের উদ্ধার করতে অভিযানে নামে ৭ সদস্যের ডুবুরি দল।

এমবি