গাজীপুর সিটি করপোরেশনের ২০১৪-২০১৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে যান মেয়র অধ্যাপক এম এ মান্নান।

সোমবার নগর ভবনের হলরুমে বেলা ১ টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সুস্থ হলে পৌনে ২টায় তিনি পুনরায় বাজেট বক্তৃতা শুরু করেন।

এবারের প্রস্তাবিত বাজেটে ১ হাজার ৮০ কোটি ২২ লাখ ১১ হাজার ৪৯১ টাকা আয়, ১ হাজার ৬৮ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার ৪৯৬ টাকা ব্যয় ও ১১ কোটি ৪৭ লাখ ১৩ হাজার ৮৯৫ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।

বাজেটে সর্বোচ্চ আয়ের খাত দেখানো হয়েছে সরকারি অনুদান হতে ৩০৯ কোটি টাকা। এ ছাড়া বৈদেশিক সহায়তা পুষ্ট প্রকল্পের অনুদান হতে ২৫০ কোটি টাকা এবং সরকারি-বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প (ডিডিপি) খাতে ২৬৬ কোটি টাকা ধরা হয়েছে।

বাজেট অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন- সিটি করপোরেশনের সচিব মো. অমিনুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. কবির আল আসাদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, আঞ্চলিক কর্মকর্তা সৈয়দ মো. রবিউল ইসলাম, তত্ববধায়ক প্রকৌশলী মো. আকবর হোসেন প্রমূখ।

এমএ মান্নান হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ঈদ-উল ফিতরের সময় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সোমবার সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণার কথা থাকলেও মেয়র আসেন বেলা ১ টায়। ২ ঘণ্টা দেরিতে অনুষ্ঠান শুরু হওয়া, আসন না পাওয়া ও আমন্ত্রণপত্র না পাওয়ায় কাউন্সিলরদের একাংশ হলরুম ত্যাগ করে অনুষ্ঠান বর্জন করেন। এ সময় মেয়র নিজের আসন থেকে উঠে গিয়ে অনুষ্ঠান বর্জনকারী কাউন্সিলরদেরকে বুঝিয়ে হল রুমে নিয়ে আসেন।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএই্চ