সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার নিশিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে উল্লাপাড়া-লাহিড়ী মোহনপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুখিয়া খাতুন (৬৫) উল্লাপাড়ার কয়ড়া হরিশপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সুখিয়া দুপুরের দিকে ওই আঞ্চলিক সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথে নিশিপাড়ায় তাকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ওই মোটরসাইকেলের আরোহী নিজেই। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু হয়।
উল্লাপাড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো মোছা: বিউটি খাতুন বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফী বেগম জানান, স্বপন নামে ঘাতক মোটসাইকেলটির আরোহীকে আটক করে থানায় আনা হয়েছে। স্বপন হেমন্তবাড়ী গ্রামের বাসিন্দা।
এমবি





