রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে তিন বাহিনীর সমরাস্ত্র সজ্জিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন রাষ্ট্রপতি । গত ২২ মার্চ নয় দিনব্যাপী এ সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাধীনতা দিবস সামনে রেখে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস সাধারণ মানুষকে জানাতে এবং চ্যালেঞ্জিং এ পেশায় তরুণদের আকৃষ্ট করতে ৩৪টি স্টল নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন, দেশ গঠনে তিন বাহিনীর ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের তথ্য এবং বিভিন্ন যুদ্ধাস্ত্র নিয়ে সজ্জিত এসব স্টল পরিদর্শনের সময় তিন বাহিনীর প্রধানগণও রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। রাষ্ট্রপতি যুদ্ধবিমান ‘মিগ-২৯’ এর অ্যারোবেটিক শো এবং ছত্রীসেনাদের প্যারাট্রুপিং দেখেন।

এর আগে জাতীয় প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এ সময় লাল-সবুজ ধোঁয়া উড়িয়ে বিমান বাহিনীর একটি ফ্লাই পাস্ট রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানায়।

এএইচ