দীঘিনালা উপজেলার ৫১ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন নিয়ে অব্যাহত ষড়যন্ত্র ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর উপজাতীয়দের হামলার প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
মঙ্গলবার বেলা ১১টায় সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরের চেঙ্গি স্কোয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শাপলা চত্বর পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে শাপলা চত্বরের প্রধান সড়কে সমাবেশ করে।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সাহাজল ইসলাম সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- সাধারণ সম্পাদক মাসুম রানা, পানছড়ি উপজেলা শাখার সভাপতি মো. এরশাদসহ প্রমুখ।
সমাবেশে বক্তারা আভিযোগ করে বলেন, আধিপত্যকে টিকিয়ে রাখার জন্য আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ সাধারণ পাহাড়িদের ভূমি বেদখলের উসকানি দিয়ে দীঘিনালা ভূমি রক্ষা কমিটির নামে বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের কার্যক্রম নিয়ে দির্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। তারই ধারাবাহিকতায় গত রোববার পদযাত্রার নামে পূর্ব পরিকল্পিতভাবে সাধারণ পাহাড়িদের উসকে দিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়।
অবিলম্বে বিজিবি ব্যাটলিয়ন সদর দপ্তর স্থাপন কাজ শেষ করাসহ হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ হরতাল-অবরোধসহ কঠিন কর্মসূচি দিবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
জেআই





