নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার একটি পুকুর থেকে অষ্টম শ্রেণীর ছাত্র মোরসালীনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ হিরাঝিল আবাসিক এলাকার একটি পুকুর মৃতদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, পুকুরটি সাবেক সংসদ সদস্য (এমপি) গিয়াসউদ্দিনের মালিকাধীন।
নিহতের চাচা আলী জানান, রোববার বিকালে খেলার কথা বলে মোরসালীন বাসা থেকে বেড় হয়। সারা রাত সে বাসায় ফেরেনি। সোমবার সন্ধ্যায় মানুষের মুখে শুনে পুকুর থেকে মোরসালীনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এদিকে, মৃতদেহের ছবি তুলতে গেলে নিহতের স্বজনেরা ফটো সাংবাদিক সোহেলকে মারধর করে এবং তার ব্যবহৃত ক্যামেরাটি ছিনিয়ে নেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা,২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





