মানিকগঞ্জে বিয়ে করতে চাওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। এরপর থেকে ছেলে মোহাম্মদ আলী পলাতক রয়েছেন।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আহম্মদ আলী অহম (৬২) পেশায় একজন রিকশাচালক ও ছেলে মোহাম্মদ আলী প্রেসে কাজ করেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, আহম্মদ আলী অহমের স্ত্রী দুই বছর আগে মারা যান। এরপর তিনি একটি বিয়ে করেন। সেই স্ত্রীর সঙ্গেও ছাড়াছাড়ি হয়। সম্প্রতি আহম্মদ আলী বাড়িঘর লিখে দিয়ে আবার বিয়ে করতে চান। ওই বিয়ে নিয়ে ছেলে মোহাম্মদ আলী ও মেয়ে কাঞ্চন আপত্তি করেন। এনিয়ে আজ সকালে আহম্মদ আলীর সঙ্গে ছেলে মোহাম্মদ আলীর বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মোহাম্মদ আলী তাঁর বাবাকে কুপিয়ে আহত করে পালিয়ে যান।
তিনি আরও জানান, আহত আহম্মদ আলীকে মানিকগঞ্জ জেলা সদর হাসাপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৩টার দিকে তিনি মারা যান। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এমবি





