চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের দুটি সীমান্তে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে আরো দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের গুলাব হোসেনের ছেলে শরিফ (২৫) ও তারাপুর ঠুঠাপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আব্দুল হাকিম (৩৮)।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের রঘুনাথপুর সীমান্ত দিয়ে শরিফ ও পাঁকা ইউনিয়নের ফতেপুর সীমান্ত এলাকা দিয়ে আব্দুল হাকিমসহ প্রায় ৮/১০জন গরু ব্যবসায়ী চোরাইপথে ভারত যায়।
বুধবার ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফের নিমতিতা ও ঠাকুলবাড়ি ক্যাম্পের সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে এবং হাকিম ও শরিফসহ কয়েকজনকে ধরে অমানবিক নির্যাতন চালায়। এক পর্যায়ে ঘটনাস্থলেই হাকিম মারা গেলে তার লাশ বাংলাদেশ অংশের পদ্মার চরে ফেলে রাখে।
এ ঘটনায় পালিয়ে আসা শরিফ চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেলে ঘটনাটি জানাজানি হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির অধিনায়ক আবু জাফর শেখ মোহাম্মদ বজলুর রহমান বলেন, সীমান্তে দুই গরু ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যার ঘটনায় বুধবার রাতেই বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।
এআর





