কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পবিত্র ওমরাহ হজ পালন করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমান ও সফরসঙ্গীরা।
মঙ্গলবার স্থানীয় সময় রাত সোয়া একটার দিকে নবনির্মিত মাতাফ ব্রিজের দ্বিতীয় তলা দিয়ে সফর সঙ্গীদের নিয়ে তাওয়াফ শুরু করে রাত ৩টার দিকে ওমরাহ পালন সম্পন্ন করেন খালেদা জিয়া।
খালেদা জিয়া এরাবিয়াতে (ট্রলি) করে তাওয়াফ এবং সাফওয়া মারওয়া সাঈ করলেও পায়ে হেঁটেই তাওয়াফ এবং সাঈ করেন তারেক রহমান।
ওমরাহ'র আনুষ্ঠানিকতা সেরে খালেদা জিয়া, তারেক রহমান এবং তাদের সফর সঙ্গীদের নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে সৌদি রয়েল প্যালেসের উদ্দেশে তারা যাত্রা করেন। দেশের ফেরার আগ পর্যন্ত সৌদি বাদশার রাজকীয় মেহমান হিসেবে সেখানেই তারা অবস্থান করবে বলে জানিয়েছেন বিএনপির একটি সূত্র।
খালেদা জিয়া, তারেক রহমান, তাদের সফর সঙ্গীদের ছাড়াও বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন আহমেদ নুরু, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব, শহীদুল ইসলাম নান্নু, মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম,মক্কা মহানগর বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী মিঠু,হবিগঞ্জের মেয়র আলহাজ্ব জি কে গউছ, এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক ও মোঃ ইলিয়াছ সহ স্বল্প সখ্যক স্থানীয় নেতারা এসময় তাদের সঙ্গে ছিলেন।
ঢাকা, এসএইসটি, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ





