সোমবার (২১ সেপ্টেম্বর) ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠানের সাইডলাইনে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ইতালির কৃষি, খাদ্য সার্বভৌমত্ব ও বন মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেট লুইজি দে'এরামোর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট খাতের পারস্পরিক স্বার্থ, সম্ভাবনা ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারা।
এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান ও মানুষের জীবিকায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে। এর মাধ্যমে কৃষকদের মতো তারাও সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
তিনি আরও বলেন, টেকসই, জলবায়ু-সহনশীল ও প্রযুক্তিনির্ভর মৎস্য ও মৎস্য চাষ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ কাজ করছে। এ ক্ষেত্রে উন্নত প্রযুক্তি, গবেষণা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইতালির সঙ্গে সহযোগিতা আরও জোরদারের সুযোগ রয়েছে।
বৈঠকে মৎস্য, ব্লু ইকোনমি ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। এ লক্ষ্যে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
বৈঠকে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম রকিবুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম, ইকনমিক কাউন্সিলর মো. আল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস





