বালুবাহী ট্রাক চাপায় সাইকেল আরোহী বাবা ও শিশু ছেলে নিহত হয়েছে। এসময় আহত হয়েছে সঙ্গে থাকা অন্য ছেলেটি।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় খুলাকাথী করতকোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনন্তবালা মধ্যপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আবু তাহের (৩২) ও তার শিশু ছেলে রিয়াদ (৬)। আহত অন্য ছেলের নাম রিদয় (৯)। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী শিবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মুকুল চন্দ্র জানান, বাবা আবু তাহের দুই ছেলে রিয়াদ ও রিদয়সহ সাইকেল যোগে চন্ডিহাড়ার দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি (বগুড়া-ড-৪১০) চাপা দিলে ঘটনাস্থলেই ছোট ছেলে রিয়াদ ও বাবা তাহেরের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব ঘটনাটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ফিটনেসবিহীন ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের চাহিদা অনুযায়ী আইনগত পদক্ষেপ নেবে পুলিশ।

এমকে