সারাদেশে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলকালে কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকে অগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোর রাতের এ ঘটনায় ট্রাকটির চালক মো. রিয়াজ (৪০) দগ্ধ হয়েছেন।
পরে সোমবার সকালে দগ্ধ ট্রাক চালককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ওই ট্রাকের হেলপার মুন্না জানান, ভুট্টা নিয়ে রংপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন তারা। রাত সাড়ে ৩টার দিকে কুমিল্লার দাউদকান্দির গৌড়িপুরের নতুন রাস্তা বাইপাস মোড়ে তারা চা পান করেন। এরপর ট্রাকে বিশ্রাম নেন।
চালক ছিলেন ভেতরে আর হেলপার ছিলেন ট্রাকের ছাদে। এ সময় হঠাৎ করে একদল যুবক ট্রাকের সামনে পেট্রলবোমা মারে। এতে চালক রিয়াজ দগ্ধ হন এবং ট্রাকের সামনের দিকে সম্পূর্ণ পুড়ে যায়।
ট্রাক চালক মো. রিয়াজকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরে ১৪ শতাংশ বার্ন। তার বাবার নাম মুলতান মিয়া। বাড়ি রংপুর জেলার কোতয়ালী থানার বাউপাড়া গ্রামে।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
এআর





