রাজধানীর মিরপুর এবং আব্দুল্লাহপুরে সড়ক দুর্ঘটনায় শাহ আলম (২৪) ও খাদিজা (৫৫) নামের দু'জন মারা গেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে পৃথক স্থানে দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলমের আত্মীয় ফাইজুর জানান, শাহ আলম মিরপুর-১৪ নম্বর সেক্টর টিনসেট বস্তি এলাকায় বসবাস করতেন। তিনি স্থানীয় বজলু মিয়ার ছেলে।
রাতে কচুক্ষেত এলাকার পোশাক কারখানা থেকে কাজ শেষে ফেরার পথে মিরপুর-১৪ নম্বর গোল চত্বরে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় প্রথম স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে রাত নয়টায় কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
অন্যদিকে রাজধানীর আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় খাদিজা নামের এক বৃদ্ধা মারা গেছেন। প্রত্যক্ষদর্শী সিএনজি চালিত অটো রিকশা চালক মোজাফফর জানান, যাত্রীবাহী বাসের ধাক্কার ওই বৃদ্ধা আহত হলে কর্তব্যরত পুলিশ আমার অটো রিকশায় তুলে দিলে প্রথমে তাকে টঙ্গী হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবির জানান, লাশের সুরতহাল করা হয়েছে এবং নিহতের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
এখন লাশ দুইটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





