চট্টগ্রামে বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে এসে শুক্রবার (০২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে তিনটায় হেফাজত আমিরের সঙ্গে দেখা করার জন্য হাটহাজারীতে দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারী কর্মসূচিতে একে সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায়ের আগে এই সাক্ষাতকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ৮ ফেব্রুয়ারি ঘোষণার কথা রয়েছে।

ঢাকা থেকে হেলিকপ্টারে ফটিকছড়ি উপজেলায় পৌঁছে দুপুর পৌনে ১টায় স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন নানুপুরে জামেয়া ইসলামিয়া ওবায়দিয়া মাদ্রাসায়। সেখানে ‍জুমআ’র নামাজ আদায় করবেন।

এরপর পৌনে ৩টায় শাহ আহমদ শফীর মাদ্রাসায় পৌঁছে সেখানে আধাঘণ্টা থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর নগরীতে ফিরে বিকেল ৫টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার ফেস্টিভ্যাল-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

এর আগে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, রাজনৈতিক কোন বিষয়ে এই সাক্ষাৎ কি না আমরা জানি না। তবে হেফাজত আমিরের সঙ্গে মাননীয় মন্ত্রী দেখা করবেন, এতটুকুই জানি।

পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বলেছেন, রায়কে কেন্দ্র করে কোন গোষ্ঠী কিংবা মহল যাতে উসকানি সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে সেই বিষয়ে হেফাজত আমিরের সঙ্গে নিশ্চয় কথা হবে।

মাসুম/জেড