জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য মায়া কান্না শুরু করেছেন। এটা তার জন্য শোভা পায় না।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদ নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্য মন্ত্রী বলেন, যিনি গণতন্ত্রের অগ্রযাত্রাকে রুখে দেয়ার জন্য মানুষ পুড়িয়ে হত্যা করেছিলেন। তিনিই এখন সেই গণতন্ত্রের জন্য মায়া কান্না শুরু করছেন। এটা তাকে শোভা পায় না। যাদের পিঠে দুর্নীতির ছাপ তাদের গণতন্ত্র নিয়ে কথা বলার অধিকার নেই।

খালেদার মায়া কান্নাকে মাছের মায়ের পুত্র শোক আখ্যায়িত করে ইনু বলেন, খালেদা জিয়া আবার গণতন্ত্রে প্রবেশ করার চেষ্টা করছেন। কিন্তু যাদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ, হাতে রক্তের দাগ, পিঠে দূর্নীতির ছাপ রয়েছে, তারা গণতন্ত্রে আসবেন কিনা এটা জাতির কাছে প্রশ্ন। সুতরাং হত্যা, আগুন সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িতদের গণতন্ত্রে থাকার কোনো অধিকার নেই।

এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবুজ/ এআই