আবারও কিশোরগঞ্জের মানিকখালী রেল স্টেশনে দুই ট্রেন মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। তবে চালকের বুদ্ধিমত্তার কারণে অল্পের জন্য রক্ষা পেয়েছেন শত-শত যাত্রী।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ও ময়মনসিংহ থেকে ভৈরবগামী ২৪৪ ডাউন লোকাল যাত্রীবাহী ট্রেন স্টেশনের দুই নম্বর লাইনে প্রবেশ করে। এসময় বড় ধরনের দুর্ঘটনার ভয়ে ট্রেনের মধ্যে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের চিৎকারে প্রকম্পিত হয়ে ওঠে আশপাশের এলাকা। ছুটে আসেন আশপাশের হাজারো লোকজন।
তবে শেষ পর্যন্ত চালকদের নৈপুণ্যতায় কয়েক গজের মধ্যে মুখোমুখি হয়েও নিয়ন্ত্রণে আসে দুটি ট্রেন।
কিশোরগঞ্জ জিআরপি থানার ওসি আবদুর রহমান বিশ্বাস জানান, ভুল সিগন্যালের কারণে একই লাইনে দুটি ট্রেন মুখোমুখি হয়ে পড়ে বলে জেনেছি। তবে চালকের বুদ্ধিমত্তায় বড় রকমের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন যাত্রীরা।
উল্লেখ্য, গত ০১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একই স্টেশনে ভুল সিগন্যালের কারণে ময়মনসিংহ থেকে ঢাকাগামী ঈশা খাঁ এবং ঢাকা থেকে ময়মনসিংহগামী ঈশা খাঁ লোকাল ট্রেন ১ নম্বর লাইনে মুখোমুখি হয়। সেবারও চালকের কারণে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান শত-শত যাত্রী।
এমবি





