পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন করে আসা আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এ ফাটলের সৃষ্টি হয়েছে।
আজ (বুধবার) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে ইউপিডিএফ-গণতান্ত্রিক (বর্মা গ্রুপ) নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করে। নতুন এই সংগঠণের দায়িত্বপ্রাপ্তরা বিভিন্ন সময়ে ইউপিডিএফ থেকে বহিস্কৃত হয়েছিলেন, আবার কেউ কেউ দল ত্যাগ করেছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নতুন সংগঠনের আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা জানান, ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ইউপিডিএফ’র প্রতিষ্ঠার পর থেকে প্রসিত বিকাশ চাকমা সংগঠনটিকে এক নায়কতন্ত্র করে রেখেছে। এর ধারাবাহিকতায় সংগঠন মূল লক্ষ্য থেকে বিচ্যুতি হয়ে নীতিহীন ও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। অপকর্মের প্রতিবাদ করলে অর্থদণ্ড ও মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে। এসব অনিয়মের ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদ করতেই ইউপিডিএফ গণতান্ত্রিকের আত্মপ্রকাশ করা হয়েছে।
এদিকে ইউপিডিএফ গণতান্ত্রিক দলকে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর দালাল উল্লেখ করে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইউপিডিএফ(প্রসিত গ্রুপ)। বুধবার বেলা সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা সদরের স্বর্ণিভর এলাকায় প্রতিবাদ সমাবেশ থেকে এসব হুশিঁয়ারী দেয়া দেয় ইউপিডিএফ নেতারা। প্রতিবাদ সমাবেশ শেষে স্বর্ণিভর এলাকা থেকে লাঠিমিছিল বের করা হয়। মিছিলটি চেঙ্গী স্কোয়ারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইউপিডিএফ(প্রসিত গ্রুপ) সংগঠক মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেশমী মারমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিপুল চাকমা ও খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা প্রমুখ।
বক্তারা, ইউপিডিএফ’র গণতান্ত্রিক কার্যক্রমকে ব্যাহত করতে রাষ্ট্রীয় বাহিনীর নীল নকশাই পাহাড়ী জাতিগোষ্ঠীর সাথে বিশ্বাসঘাতকদের দিয়ে নতুন দল গঠনের তীব্র নিন্দা জানান। পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলনকে বেগবান করে দালালদের প্রতিহত করার ঘোষণা দেয়া হয় সমাবেশ থেকে।
সমাবেশ শেষে ইউপিডিএফ’র গণতান্ত্রিক কার্যক্রমকে ভন্ডুল করতে আইনশৃঙ্খলা বাহিনীর নগ্নহস্তক্ষেপের প্রতিবাদে কাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)।
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আলী আহমদ খান জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের পক্ষ থেকে সকল দলকে গণতান্ত্রিক আন্দোলন করার সুযোগ দেয়া হচ্ছে। কেউ যদি পরিবেশ অশান্তের চেষ্টা করে সেক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিবে।
আবু বকর ছিদ্দিক/এমবি





