বগুড়ায় যুবলীগ নেতা ফিরোজকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় তার আরও দুই সহযোগী গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শহরের জহুরুল নগর এলাকায় মাহী ছাত্রাবাসে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
ফিরোজ বগুড়া শহর যুবলীগের ৪ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক। সে চকসুত্রাপুর চকরপাড়ার ফজলার রহমানের ছেলে।
জানা গেছে, সন্ধ্যার আগে দুই গ্রুপের মধ্যে জহুরুল এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় ফিরোজ মাহি ছাত্রাবাসে আশ্রয় নেয়। দুর্বৃত্তরা সেখানে ঢুকে রাম দা দিয়ে এলোপাথারী কুপিয়ে চলে যায়। এসময় ফিরোজকে উদ্ধার করতে গিয়ে তার দুই সহযোগী মশিউর রহমান মামুন ও এমরানকেও কুপিয়ে আহত করা হয়। পরে তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, কি কারণে খুনের ঘটনা ঘটলো তা জানাযায় নি। তবে ধারনা করা হচ্ছে আভ্যন্তরীণ বিরোধের জের ধরে এঘটনা ঘটেছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থাই আশংকা জনক।
এমবি





