রাজধানীতে সাবিদ হাসান (২০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতের কোনো এক সময় তিনি ওড়না দিয়ে গলায় ফাঁস নেন বলে তার পরিবারের ধারণা।
নিহতের বাবা বদরুল হাসান জানান, তিনি শনিবার সকালে হাটতে বের হয়েছিলেন। বাসায় আসার পর দেখেন তার ছেলে গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে। তার মুখ স্কচটেপ দিয়ে আটকানো।
তিনি জানান, পরে সেখান থেকে উদ্ধার করে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বদরুল হাসান জানান, তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার চর দমদম এলাকা। বর্তমানে তারা ধানমন্ডির ৭/এ- ৫৪ নম্বর বাসায় ভাড়া থাকেন। তার ছেলে সাবিদ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল।
ধানমন্ডি থানার ওসি আবু বক্কার সিদ্দিক জানান, বিষয়টি তিনি সাবিদের বাবার কাছে শুনেছেন। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা তিনি বলতে পারেননি। ময়নাতদন্তের পর বিষয়টি বোঝা যাবে বলে তিনি জানান।
এআর





