অবরোধকারীদের হামলায় গুরুতর আহত ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী আব্দুল কাদির মিয়ার চিকিৎসার দায়িত্ব নিয়ে সোমবার এই নির্দেশ দিয়েছেন।
গত ৯ জানুয়ারি রাতে অবরোধকারীরা ফেনীতে আব্দুল কাদির মিয়ার গাড়িতে হাতবোমা ছোড়ে এবং ভাঙচুর চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি চাতীয় চক্ষু বিজ্ঞান ইনসটিটিউটে চিকিৎসাধীন।
আশরাফুল আলম খোকন জানান, ফেনীতে বিএনপি-জামায়াতকর্মীদের বোমায় আহত স্কুলছাত্র শাহরিয়ার হৃদয়ের চিকিৎসার দায়িত্বও প্রধানমন্ত্রী নিয়েছেন।
গত ৫ জানুয়ারি ফেনীতে অবরোধকারীদের বোমায় আহতহৃদয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনসটিটিউটে ভর্তি রয়েছে।
ওই ঘটনায় হৃদয়ের সহপাঠী মিনহাজুল ইসলাম অনিকও গুরুতর জখম হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য এর আগেই বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেনিন আহতদের চিকিৎসার বিষয়টি তদারকি করছেন।
কেএইচ





