চট্টগ্রামের সীতাকুণ্ডে জ্বরে আক্রান্ত হয়ে একজন এসআইর মৃত্যু হয়েছে। এরপর করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য তার নমুনা নেওয়া হয়েছে।
সীতাকুণ্ড থানায় কর্মরত এসআই একরামুল ইসলাম (৪৫) পৌর এলাকার উত্তর বাজারে একটি ভাড়া বাসায় একা থাকতেন।
শনিবার (০৬ জুন) সকালে টেলিফোনে তার সাড়া না পেয়ে থানার পুলিশ সদস্যরা বাসায় যান। সেখান থেকে একরামুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুদ্দিন রাশেদ বলেন, আনার আগেই তার মৃত্যু ঘটে।
নুরুদ্দিন রাশেদ বলেন, “পুলিশ সদস্যরা জানিয়েছেন, ৮দিন আগে উনার জ্বর উঠেছিল। যথন আনা হয় তথন তার মুখে ফেনা ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, উনি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। উনার নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়েছে।”
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ বলেন, “উত্তর বাজার এলাকার একটি বাসায় উনি (একরামুল) একা থাকতেন। সকালে টেলিফোনে সাড়া না পেয়ে বাসায গিয়ে উনাকে মৃত পাওয়া যায়।”
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদৌল্লাহ রেজা বলেন, এসআই একরামুল জ্বরে আক্রান্ত ছিলেন বলে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এমবি





