পবিত্র রমজান উপলক্ষে ধর্মীয় আলোচনার সময় মা-মেয়েসহ ৫ নারীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তারা জামায়াতের মহিলা কর্মী।
সোমবার খুলনার পাইকগাছা উপজেলায় স্থানীয় গোপালপুর এলাকা থেকে পুলিশ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলাও হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় জামায়াতের নারী কর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।
এ সময় গোপালপুর গ্রামের নুরুল আলম গাজীর স্ত্রী নাজমা বেগম (৪০), তার অনার্স পড়ুয়া মেয়ে রোকসানা খাতুন (১৮), একই এলাকার মৃত নয়ন মোড়লের স্ত্রী রহিমা বেগম (৭৫), কাশেম গাজীর স্ত্রী ফাতেমা বেগম (৫০) ও শফিকুল গাজীর স্ত্রী সুফিয়া বেগমকে (৪৫) আটক করা হয়।
এ ব্যাপারে পাইকগাছা অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, জামায়াতের কিছু নারী কর্মী সংগঠিত হয়ে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
তবে মাহে রমজান উপলক্ষে ধর্মীয় আলোচনা করছিলেন বলে আটককৃতরা জানিয়েছেন।
এআর





