চলতি বছরের ডিসেম্বরের শেষে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। এর আগেই নতুন চুক্তির বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন তিনি বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

আন্তর্জাতিক ফুটবলের পরিচিত ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে জানিয়েছেন, নতুন চুক্তিতে সম্মতি দিয়েছেন স্কালোনি। তাঁর দাবি, ২০৩০ সালের জুলাই পর্যন্ত আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্বে থাকবেন এই বিশ্বকাপজয়ী কোচ।

তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তিটি প্রাথমিকভাবে দুই বছরের জন্য হতে পারে। পাশাপাশি আরও দুই বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হবে।

চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, এএফএর সঙ্গে স্কালোনির নতুন চুক্তি প্রাথমিকভাবে দুই বছরের জন্য হবে। ২০২৮ সালের কোপা আমেরিকার পর চুক্তিতে একটি শর্ত যুক্ত হতে পারে, যার মাধ্যমে ২০৩০ বিশ্বকাপের শেষ পর্যন্ত তাঁর দায়িত্ব বাড়ানোর সুযোগ থাকবে।

নতুন চুক্তি কার্যকর হলে ২০৩০ বিশ্বকাপেও আর্জেন্টিনার দায়িত্বে থাকতে পারেন স্কালোনি। সেটি হবে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে তাঁর তৃতীয় বিশ্বকাপ।

২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন থাকছে। মূল টুর্নামেন্টের আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো হলেও শতবর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হবে মূল আয়োজক দেশগুলোতে।

স্কালোনির চুক্তি নবায়নের পাশাপাশি তাঁর বর্তমান কোচিং প্যানেলও ধরে রাখতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এই কোচিং দলের অধীনেই ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপে দলটি রানার্সআপ হয়।

টিওয়াইসি স্পোর্টসের দাবি, স্কালোনির সহকারী কোচ হিসেবে ওয়াল্টার স্যামুয়েলকে ধরে রাখার চেষ্টা চলছে। তবে কোচিং ক্যারিয়ারে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে চাইলে স্যামুয়েলকে সেই স্বাধীনতা দিতে প্রস্তুত স্কালোনি।

সেপ্টেম্বর-অক্টোবরে ফিফার আন্তর্জাতিক বিরতির সময় এ বিষয়ে স্কালোনি বলেছিলেন, “এতে কোনো সন্দেহ নেই যে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি সে আমার বন্ধুও। আমি তার মঙ্গল চাই। সে যদি কোনো সিদ্ধান্ত নিতে চায়, তবে তার সেই স্বাধীনতা দেওয়াই ন্যায্য।”

স্যামুয়েলের সম্ভাব্য বিদায়ে দলের ওপর প্রভাব পড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ। ফলে স্কালোনির চুক্তি নবায়নের পাশাপাশি তাঁর কোচিং প্যানেলের ভবিষ্যৎও এখন আলোচনায় রয়েছে।

এস