প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি মানবাধিকার সংগঠক বিনয় কৃষ্ণ মল্লিকের মুক্তির দাবিতে উত্তাল যশোর। বিনয় কৃষ্ণ মল্লিকের অবিলম্বে মুক্তির দাবিতে আগামী ১৬ মার্চ যশোরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কর্মসূচি বয়টকের সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিক সমাজ।
একইদিন স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে কালো পতাকা প্রদর্শন ও সমাবেশ করবে স্থানীয় সাংবাদিকরা। এছাড়াও ১৫ মার্চ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে সাংবাদিকরা। মঙ্গলবার বেলা ১২টায় প্রেসক্লাবে সাংবাদিকদের যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভা শেষে বেলা সাড়ে ১২টায় সাংবাদিকরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। এসময় পুলিশ সুপার আনিসুর রহমানের পদত্যাগের দাবিতে স্লোগানে প্রকম্পিত হয় শহর। সাংবাদিকরা মিছিল নিয়ে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেন। জেলা প্রশাসকের কক্ষের সামনে সাংবাদিকরা অবস্থান করে বিনয় কৃষ্ণ মল্লিকের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।
মঙ্গলবার প্রেসক্লাব যশোরের যৌথ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনোতোষ বসু। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ফখরে আলম, রুকুনউদ্দৌলাহ, প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল কবীর নান্টু, সাবেক সভাপতি ফকির শওকত, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাবের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক এইচআর তুহিন, জুয়েল মৃধা, দফতর সম্পাদক তৌহিদ জামান, সদস্য আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি মুনিরুজ্জামান মুনির, সাংবাদিক শিকদার খালিদ, সরোয়ার হোসেন প্রমুখ।
গতকাল বেলা ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি রাইটস যশোরের নির্বাহী পরিচালক ও বিনয় কৃষ্ণ মল্লিক। সম্মেলনে তিনি যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে ধরে তার বরখাস্ত ও বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।
সন্ধ্যায় যশোর শহরের ঘোপ এলাকার বাড়ি থেকে সাদা পোশাকে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় শহরে চ্যাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এমএনজে





