নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আরিফুল ইসলাম সুমন (২৩) নামে এক মেডিক্যাল শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তার বন্ধু মো. কবির হোসেন (২২)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে রায়পুরা উপজেলার বাঁশগাড়ি সড়কে মুক্তিযোদ্ধা ছন্দু মিয়া ব্রিজের নিকট এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের ডা. মো. শফিকুল ইসলামের ছেলে এবং ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুমন গতকাল (বৃহস্পতিবার) ঢাকা থেকে বাড়ি ফিরে। আজ সকালে বন্ধু কবিরকে নিয়ে একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। তখন তারা দুজন বাঁশগাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মুক্তিযোদ্ধা ছন্দু মিয়া ব্রিজের নিকট পৌঁছানোর পর এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ কেউ জানাতে পারেনি।
দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই সুমন মারা যান। আহত অবস্থায় কবিরকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনার সতত্য নিশ্চিত করে বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) গোবিন্দ্র সরকার বলেন, ঘটনাস্থল থেকে নিহত সুমনের লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এমবি





