নগর উন্নয়নে সহযোগী প্রতিষ্ঠানসমূহের কাজের সমন্বয় অপরিহার্য। আর সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজন ‘নগর সরকার’। তাই দেশের সবগুলো সিটি করপোরেশন এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ‘নগর সরকার’ করার দাবি জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

বুধবার দুপুরে মেয়রের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘দলমতের ঊর্ধ্বে থেকে সকলের সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে রাজশাহীকে একটি আন্তর্জাতিক মানের মহানগরে উন্নীত করতে চাই। তবে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহের সমন্বিত উদ্যোগ থাকলেই তা বাস্তবায়ন করা সম্ভব হবে।’

এ সময় তিনি চলমান বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরে বলেন, পূর্বের উন্নয়ন কর্মকা-ের ধারাবাহিকতা বজায় রেখে নতুন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে তা অনুমোদনের জন্য দাখিল করা হয়েছে। পর্যায়ক্রমে এগুলো অনুমোদন ও বাস্তবায়ন হবে। এরই মধ্যে সিটি করপোরেশনের সকল কার্যক্রম অনলাইনে প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে মানুষ কার্যক্রম সম্পর্কে অবহিত হতে পারেন এবং এর স্বচ্ছতাও বজায় থাকে। রাজশাহীকে সবুজ, পরিস্কার-পরিচ্ছন্ন এবং শিক্ষিত শহর হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন মেয়র।

সংবাদ সম্মেলনের প্রশ্ন উত্তর পর্বে রাজশাহী সিটি করপোরেশনের বিগত পরিষদের দুর্নীতি তদন্ত করা হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তার নির্বাচনী ইশতেহারের ১৮ নম্বরে বলা ছিল নির্বাচিত হলে রাসিকের দুর্নীতি তদন্ত করা হবে। সেই অনুযায়ী রাসিকের কর্মকর্তা ও পরিষদবৃন্দ আগের পরিষদগুলোর দুর্নীতি খতিয়ে দেখছে। অপক্ষো করুন সময় হলেই তা প্রকাশ করা হবে।’

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র-১ মো. আনোয়ারুল আমিন আযব, প্যানেল মেয়র-২ মো. নূরুজ্জামান টিটো, প্যানেল মেয়র-৩ নূরুন্নাহার বেগম, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি বেলাল আহমেদ, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি রবিউল আলম মিলু, শিক্ষা উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি আব্বাস আলী সরদার, প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সচিব একেএম মাসুদুজ্জামান, প্রধান রাজস্ব কর্মকর্তা সৈয়দা জেবিন নিছা সুলতানাসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ