নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তৌহিদুল ইসলাম সাগর (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় মাইক্রোবাসের আরোহী দুই বিদেশি আহত হয়েছেন।
আজ (০৯ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার গুনাইহাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো: সাগর রূপপুর পারমাণবিক প্রকল্পের মাইক্রোবাসচালক। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার আলহাজ এলাকার বাসিন্দা।
আহত দুই বিদেশি প্রকল্পের কর্মকর্তা। তাদের বনপাড়ার পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে পাবনার ঈশ্বরদী রূপপুর থেকে পারমাণবিক প্রকল্পের কর্মকর্তাদের নিয়ে একটি মাইক্রোবাস নিয়ে ঢাকায় যাচ্ছিল। মাইক্রোবাসটি বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামে পৌঁছলে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসচালক মো: সাগর নিহত হন। নিহত চালকের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
এমবি





