ফেনীর দাগনভূঞায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে।
শনিবার বিকেলে ফেনী-মাইজদি আঞ্চলিক মহাসড়কের দুলামিয়া কটন মিলসংলগ্ন এলাকায় ও সিলোনিয়ার লালপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার বিকেলে শিশু হাফিজাকে (৮) রাস্তা পারের সময় নোয়াখালী থেকে ফেনীগামী ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-১১৮৩) চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়। পরে স্থানীয়রা ধাওয়া করে সিলোনিয়া থেকে ঘাতক ট্রাক ও চালক কামাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
অপরদিকে এর আগে ফেনী-মাইজদি মহাসড়কের সিলোনিয়ায় ট্রাকচাপায় পূজা রানী দাস (৬) নামে আরেক শিশু নিহত হয়।
শিশুটি মা স্বপ্না রানী দাসের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই পূজা রানী দাস নিহত হয়। নিহত পূজা জায়লস্কর ইউনিয়নের পূর্ব হিরাপুর গ্রামের সুফল চন্দ্র দাসের মেয়ে। সে সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
দাগনভূইয়া থানার পরিদর্শক (ওসি) আসলাম উদ্দিন উভয় দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এমকে





