হবিগঞ্জের লাখাইয়ে নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মনতৈল গ্রামে একটি ডোবার কচুরিপানার নিচ থেকে জুবাইল মিয়া (১৮) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই গ্রামের আসকির মিয়ার ছেলে জুবাইল মিয়া ৩১ জানুয়ারি একটি ওয়াজ মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। শুক্রবার দুপুরে হবিগঞ্জ-লাখাই সড়কের মনতৈল নামক স্থানে ফসলি জমির পাশের একটি ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
এমবি





