ভোলা শহরে একটি চালের আড়ৎ থেকে ৮১ মেট্রিক টন (২৭০০ বস্তা) সরকারি চালসহ দুই জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শহরের খালপাড় রোডস্থ মেসার্স ইসলাম ব্রাদার্স নামক আড়ৎ সিলগালা এবং উক্ত চাল বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়। 

শনিবার (১৯ আগস্ট) রাতে জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিনের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার মৃধা মো. মোজাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেসার্স ইসলাম ব্রাদার্স-এ অভিযান চালানোর সময় খাদ্য অধিপ্তরের প্রায় ৮১ মেট্রিক টন সরকারি চালসহ দোকানটি (চালের আড়ৎ) সিলগালা করে দেয়। এসময় ভ্রাম্যমাণ আদালত দোকানের ম্যানেজার শংকর বাবু ও ট্রাকের ড্রাইভার জামালকে আটক করে।

ভোলা সদর উপজলার নির্বাহী কর্মকর্তা মোজাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই চালসহ দু’জনকে আটক করে এবং মেসার্স ইসলাম ব্রাদার্স সিলগালা করে। এসময় উক্ত চাল বহনকারী ট্রাক ও জব্দ করা হয়। তিনি আরও জানান, সরকারি ওই চাল মেসার্স ইসলাম ব্রাদার্সের মালিক সংগ্রাম মিয়া চরফ্যাশনের শশীভূষণ খাদ্য গুদাম থেকে এনেছে।

এই ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ইউএনও।

এএইচ