শনিবার (২৩ মার্চ) সকালে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন এনটিভি পরিবার এবং দেশেল বিশিষ্ট আলেমরা।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব, অকৃত্রিম এক কুরআন প্রেমিক, কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ ক্যানসারে ভুগছিলেন। গতকাল শুক্রবার দিল্লির একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান এই ইসলামী চিন্তাবিদ।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মাওলানা আবু ইউসুফ। এনটিভি আয়োজিত পবিত্র কুরআন বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘পিএইচপি কুরআনের আলো : প্রতিভার সন্ধানে বাংলাদেশ’ এর বিচারক, পরিকল্পনাকারী ও পরিচালক এই ইসলামিক গবেষকের মৃত্যুতে গভীর শোক নেমে আসে স্বজন-প্রিয়জনদের মাঝে। শোক নেমে আসে তার অসংখ্য শিক্ষার্থী, আর কুরআনের হেফজকারীদের মাঝে।
১৯৮০ সালে চাঁদপুরের মতলব উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন হাফেজ মাওলানা আবু ইউসুফ। তিনি বিএসটিআই জামে মসজিদের খতিব ছিলেন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব ছিলেন এই গুণিজন। আগামীকাল রোববার তার মরদেহ দেশে আনার কথা রয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে গ্রামের বাড়ি চাঁদপুরে দাফন করার কথা রয়েছে কুরআনের আলোর এই আলোকিত মানুষকে।





