রংপুর- ৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান ঈদের নামাজে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে আহত হওয়ার ঘটনায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে মিঠাপুকুর থানা পুলিশ।

রোববার ভোরে ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে রংপুর- ৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ফরিদপুর গ্রামে বক্তব্য রাখতে গিয়ে মাইকের তারের সঙ্গে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে রংপুর সিএমএইচ নিয়ে ভর্তি করে।

মিঠাপুকুর থানার অফিসার ইন চার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, ওই ঘটনার পর মিঠাপুকুর থানা পুলিশ তদন্ত শেষে এসআই এস এম আব্দুর রাজ্জাক বাদী হয়ে মাইকের অপারেটর মো. আরিফুল ইসলামসহ (৩২) তিনজনকে আসামি করে মিঠাপুকুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ রোববার ভোরে মামলার আসামি মাইকের অপারেটর মো. আরিফুল ইসলামকে গ্রেফতার করে। তাকে মিঠাপুকুর থানায় পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, রোববার দুপুরে রংপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) রংপুরের উপ-পরিচালক, অতিরিক্ত পুলিশ (বিশেষ শাখা)আব্দুল্লাহ আল ফারুকসহ পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা গ্রেফতার হওয়া মাইক অপারেটর মো. আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ শেষে ঘটনাস্থল মিঠাপুকুরের ফরিদপুর গ্রাম পরিদর্শন করেন। তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথাও বলেন। মিঠাপুকুর থানার অফিসার ইন চার্জ হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন।

কেএইচ