বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বলেছেন,আসছে আন্দোলনে র‌্যাব-পুলিশ রাস্তায় দাঁড়ানোর সাহস পাবে না।

তিনি বলেন, জোর করে ক্ষমতায় থাকা যায় না জেনে শেখ হাসিনা আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে যা ইচ্ছে তা-ই করে নিচ্ছেন।

তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক সফরের অংশ হিসেবে শুক্রবার দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে জেলা বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

র‌্যাবের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আওয়ামী লীগের নির্দেশে নারায়ণগঞ্জে মানুষ খুন করেও রেহাই পাচ্ছে না র‌্যাব সদস্যরা। শেখ হাসিনা তাদের বাঁচাতে পারছেন না। জনগণের ওপর অত্যাচার করলে আপনারাও রেহাই পাবেন না।

পুলিশের প্রতি ইঙ্গিত করে আব্দুস সালাম বলেন, সরকারের নির্দেশে গণতান্ত্রিক আন্দোলনে যেসব পুলিশ কর্মকর্তারা হামলা, নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও নিরাপরাধ মানুষদের গ্রেফতার করছেন তাদের তালিকাও তৈরি রয়েছে। জনগণের কাছে আপনাদের জবাবদিহি করতে হবে।

বিএনপি নির্বাচনমুখী দল উল্লেখ করে তিনি আরো বলেন, শেখ হাসিনা নির্বাচন দেননি ভয়ে। কারণ, বিএনপি অংশ নিলে ২০টি আসনও পেতো না তারা। নির্বাচন হয়নি। মানুষ ভোট দেয়নি। তাই এই সরকার অবৈধ।

আসছে সরকার পতন আন্দোলনে সকল ভেদাভেদ ভুলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

আব্দুস সালাম বলেন, বিজয় হবেই হবে। আন্দোলনে স্বৈরাচার এরশাদ পালিয়েছে। আওয়ামী লীগও পালানোর পথ পাবে না।

নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আনিছুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, যুবদলের মোস্তফা সারওয়ার পল্লব, ছাত্রদলের এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের প্রবীর গুহ রিন্টু, জাসাসের মোস্তফা হক প্রধান বাচ্চু, মহিলা দলের মালেকা পারভীন বানু, ওলামা দলের আ ফ ম রুহুল ইসলাম প্রমুখ।

ঢাকা,২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ